Home / খবর / জেলায় জেলায় / এসআইআর শুনানি ঘিরে বিজেপি ও কমিশনকে তোপ মমতার, বিএলএ-দের বাইরে ক্যাম্প করার নির্দেশ

এসআইআর শুনানি ঘিরে বিজেপি ও কমিশনকে তোপ মমতার, বিএলএ-দের বাইরে ক্যাম্প করার নির্দেশ

এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) শুনানি নিয়ে আবারও নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়া ও বড়জোড়ার সভা থেকে মমতার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে প্রায় ৫৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কমিশনের অফিসে বিজেপির আইটি সেলের লোকজন বসে থেকে এই কাজ করছে।

মমতা বলেন, নামের ইংরেজি বানানে সামান্য অমিল থাকলেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআর শুনানিতে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) ভিতরে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দেন। তাঁর দাবি, “বিজেপির লোক নেই বলেই শুনানিকেন্দ্রে বিএলএ-দের ঢুকতে দিচ্ছে না। লোকের অভাব মেটাতে বিজেপি এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছে।”

এই পরিস্থিতিতে দলের বিএলএ-দের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুনানিকেন্দ্রের বাইরে ক্যাম্প করে বসতে হবে, যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে সাহায্য পায়। জনগণের উদ্দেশে তাঁর বার্তা, কেউ যেন ভয় না পান—দল এবং সরকার তাঁদের পাশে রয়েছে।

বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “একজন ন্যায্য ভোটারের নাম বাদ গেলেও তার প্রতিবাদে বাংলার পাশাপাশি দিল্লিতেও আন্দোলন হবে।” এসআইআর শুনানিতে বয়স্ক মানুষদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিন বিজেপি নেতাদের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন মমতা। শাহের দুই-তৃতীয়াংশ আসনে জেতার দাবিকে কটাক্ষ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ফের তৃণমূলই সরকার গড়বে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *