Home / খবর / জেলায় জেলায় / সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগে চাঞ্চল্য জয়নগরের বহড়ুতে

সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগে চাঞ্চল্য জয়নগরের বহড়ুতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সরকারি নয়ানজুলির পাশে সরকারি জায়গায় বহু মূল্যবান গাছ কেটে বিক্রি করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের বহড়ুতে। জানা গেছে, জয়নগর ১ নং ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের মিঠানী খাল পাড়ে গত কয়েকদিন ধরে গাছ কেটে ভ্যানে তুলে নেওয়ার ঘটনা নজরে আসে।

স্থানীয়রা কাটা গাছ আটকে পঞ্চায়েতকে জানালে, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই তার প্রতিনিধি পাঠিয়ে গাছ উত্তোলন বন্ধ করান। এরপর জয়নগর থানা, জয়নগর ১ নং বিডিও, সেচ দফতরের মগরাহাট ডিভিশন এবং বন দফতরে অভিযোগ জানানো হয়।

শনিবার ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের আধিকারিক ও পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর। বন দফতরের আধিকারিক বলেন, “আমরা অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে দেখেছি গাছগুলি সরকারি জায়গার ওপরেই ছিল। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে এবং তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।”

পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর বলেন, “মিঠানির ওই সরকারি খালের পাশে সরকারি জায়গায় কয়েক বছর আগে বন সৃজনের উদ্দেশ্যে গাছ লাগানো হয়েছিল। বেআইনি ভাবে গাছ কাটা হয়েছে, এর নিরপেক্ষ তদন্তের দাবি রাখছি।”

জয়নগর ১ নং বিডিও শুভদীপ দাস জানান, “সরকারি জায়গায় কিছু গাছ কাটার খবর পেয়েছি। ওই জায়গাটি সেচ দফতরের অধীনে। ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গাছ বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *