আসানসোল : একেবারে বেহাল নিকাশি ব্যবস্থা। স্বাভাবিক ভাবেই নর্দমার নোংরা জল ও আবর্জনা উঠে এসেছে রাস্তার। ঘনবসতি পূর্ণ এলাকার এই রাস্তা দিয়ে যাতায়াত করা বাসিন্দাদের পক্ষে দূষ্কর হয়ে পড়েছে।
এই অবস্থা আজকে নতুন। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন আসানসোল পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের রেলপারের চক এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন।
এদিন সেই এলাকায় এসে ক্ষোভের মুখে পড়েন ওয়ার্ড কাউন্সিলার তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যা নিয়ে দুতরফে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এদিন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার ড্রেনগুলি সারা বছরই এই অবস্থায় থাকে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক নিষ্কাশনের অভাবে রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশে জল জমে থাকে। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, শীতকালে এইভাবে জল জমে থাকলে, আসন্ন বর্ষাকালে পরিস্থিতি আরো খারাপ হবে।
বিক্ষোভকারীদের আরো অভিযোগ, এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ও আসানসোল পুরনিগমের কাছে বারবার অভিযোগ করার পরেও সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যায়নি। জল জমার কারণে মশার উপদ্রব, দুর্গন্ধ এবং দৈনন্দিন যাতায়াতের সময় বাসিন্দাদের ব্যাপক অসুবিধা হচ্ছে।
বিক্ষোভ চলাকালীন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন যে, আসানসোল পুরনিগমের সাফাই বিভাগকে নির্দেশ দিয়ে শীঘ্রই ড্রেনেজ ব্যবস্থা মেরামত ও পরিষ্কার করা হবে।
তিনি আরো বলেন, এই সমস্যাটির সমাধানে ইঞ্জিনিয়ারদের দিয়ে এলাকা পরিদর্শন করানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।










