দুর্গাপুরে রাস্তা অবরোধ
দুর্গাপুর: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে কর্মবিরতির দ্বিতীয় দিনে বুধবার দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। দুর্গাপুরের কাঁকসা হাসপাতাল মোড় এলাকায় এই আন্দোলনের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।
আন্দোলনরত আশা কর্মী জয়া দাস রাই বলেন, “দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যা বেতন পাই, তাতে সংসার চালানো সম্ভব নয়। প্রতিদিন কাজের চাপ বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না। এমনকি মাসের বেতনও নিয়মিত পাওয়া যায় না।” তিনি আরও জানান, বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত রাজ্যজুড়ে কর্মবিরতি ও আন্দোলন চলবে। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পরে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়।
অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে আসানসোল পুরসভার বোরো অফিসেও বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এসবি গড়াই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন বোরো অফিসে বুধবার ধর্নায় বসেন তাঁরা। আসানসোল পুরনিগমের আশা কর্মীরা জানিয়েছেন, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন তাঁরা।

আসানসোল পুরসভার বোরো অফিসে বিক্ষোভ
এই প্রসঙ্গে আশা কর্মী অর্পিতা রায় বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। দিনরাত কাজ করেও উপযুক্ত পারিশ্রমিক পাই না। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনও সুরাহা হয়নি।” তাঁর দাবি, সময়মতো বেতন প্রদান ও বেতন বৃদ্ধি—এই দুই দাবিতেই তাঁরা অনড় থাকবেন।










