আসানসোল পুরনিগমের অধীনে কর্মরত আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে সুডা, স্বাস্থ্য দপ্তর, আসানসোল পুরনিগম সহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিলেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোন দাবি পূরণ হয়নি। শেষ পর্যন্ত সোমবার আশা কর্মীরা সিদ্ধান্ত নেন যে তাঁরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি যেতে চলেছেন।
এই বিষয়ে সোমবার আশাকর্মীরা আসানসোল পুরনিগমের আসেন। তাঁরা এই বিষয়ে আসানসোল পুরনিগমের আধিকারিকদের দেখা করার চেষ্টা করেন। কিন্তু কারো সঙ্গে দেখা করতে পারেননি।
এই বিষয়ে এদিন আশা কর্মীরা বলেন, আমাদের দীর্ঘদিন ধরে অনেক দাবি রয়েছে। তার মধ্যে রয়েছে কাজ করানোর পরেও ঠিক মতো বেতন দেওয়া হচ্ছে না। আমরা যা কাজ করি, তার চেয়ে অনেক কম বেতন দেওয়া হয়। বারবার এই ব্যাপারে বলা হয়েছে। কিন্তু কোন দাবি পূরণ হচ্ছে না। আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে বহুবার আমাদের দাবি জানিয়েছি। কিন্তু প্রতিবারই তা উপেক্ষা করা হয়েছে। শুধু বলা হয়েছে, দেখা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত তা নিয়ে কিছু করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার থেকে সব কাজ করা বন্ধ করে দেব। আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নামতে চলেছি।
আশাকর্মীরা বলেন, মঙ্গলবার আমরা আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখাবো। বুধবার ধর্ণা অবস্থানে বসবো আসানসোল পুরনিগমের সুকান্ত ময়দান সংলগ্ন বোরো অফিসে। যেখানে আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের হেড অফিস আছে। শুক্রবার বিক্ষোভ দেখানো হবে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর বা সিএমওএইচ অফিসে। তারপরে টানা কর্মবিরতি চলবে, যতদিন না দাবি পূরণ করা হচ্ছে।










