বুবাই শীল: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধনকে ঘিরে শুরু হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি। আগামী ১৭ জানুয়ারি এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা। সেই উপলক্ষে শনিবার স্থায়ী ভবন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জলপাইগুড়িতে অস্থায়ী পরিকাঠামোয় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু রয়েছে। একই সময়ে পাহাড়পুর এলাকায় স্থায়ী ভবনের নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে সেই কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা।
উদ্বোধনের আগে সার্বিক প্রস্তুতি ও পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখতে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রতিনিধিদল। পরিদর্শনের সময় জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরাও ছিলেন।

স্থায়ী ভবন ঘুরে দেখার পাশাপাশি জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে অবস্থিত অস্থায়ী ভবনে চলা সার্কিট বেঞ্চও পরিদর্শন করেন প্রধান বিচারপতি। সবদিক খতিয়ে দেখে উদ্বোধনের প্রস্তুতি সন্তোষজনক বলেই ইঙ্গিত মিলেছে।










