Home / খবর / জেলায় জেলায় / কুলটিতে জাভেদ বারিক হত্যাকাণ্ড, প্রায় ৪ মাস পরে গ্রেফতার মাস্টার মাইন্ড, চারদিনের পুলিশ হেফাজত

কুলটিতে জাভেদ বারিক হত্যাকাণ্ড, প্রায় ৪ মাস পরে গ্রেফতার মাস্টার মাইন্ড, চারদিনের পুলিশ হেফাজত

কোলফিল্ড টাইমস: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির ঢিল ছোড়া দুরত্বে ভর সন্ধ্যায় বাড়ির সামনে জাভেদ বারিক নামে আসানসোল পুরনিগমের এক অস্থায়ী কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল। চলতি বছরের ২৯ আগষ্ট এই ঘটনাটি ঘটেছিল।

সেই ঘটনার প্রায় ৪ মাস পরে বৃহস্পতিবার ওই ঘটনার মূল অভিযুক্ত মৃত জাভেদ বারিকের জামাই মহঃ আসিফ খানকে আসানসোল থেকে গ্রেফতার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতকে শুক্রবার সকালে আসানসোল জেলা আদালত পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, এই ঘটনায় আসিফকে নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এই ঘটনায় আরও এক অভিযুক্ত আসিফের বন্ধু জাভেদ কুরেশি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর থেকে ফেরার মহঃ আসিফ খানের খোঁজে লাগাতার অভিযান চালাচ্ছিল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। বিভিন্ন জায়গায় তার খোঁজ করে পুলিশ। কিন্তু তাকে ধরতে পারছিল না পুলিশ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে আসানসোল থেকে গ্রেফতার করা হয় জাভেদ বারিক হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মহঃ আসিফ খানকে।

পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জেরা করে এই ঘটনার আরও কিছু তথ্য পাওয়া যাবে। যা ঘটনার তদন্তের কাজে লাগবে।
উল্লেখ্য, পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত পুলিশ তদন্তে জানতে পেরেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *