ক্রিসমাস ফেস্টিভ্যালে কচিকাঁচাদের সঙ্গে উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু
কলকাতার অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ভাল থাকতে হলে মাঝেমধ্যে রিল্যাক্সেশন প্রয়োজন। উৎসব মানুষের সেই রিল্যাক্সেশনের সুযোগ করে দেয়। সব সময় টেনশনে থাকার কোনও দরকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এ বছর রাজ্যে প্রচুর বিদেশি পর্যটক এসেছেন। বিদেশি পর্যটকের আগমনে দেশের মধ্যে এক নম্বর পর্যটন রাজ্য হতে চান তিনি। অ্যালেন পার্কের পাশাপাশি রাজ্যের আরও ১৪টি জায়গায় একযোগে ক্রিসমাস উৎসবের সূচনা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এখন কোনও উৎসব এলেই রাজ্যের নানা প্রান্ত সাজিয়ে তোলা হয়। এ নিয়ে কেউ কেউ কটাক্ষ করেন। তা সত্ত্বেও বাংলায় সব ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে উৎসব পালন করেন। মানুষের কাছে মেলা, খেলা—সবই প্রিয়, আর উৎসবই মানুষকে এক সুতোয় বাঁধার একমাত্র সেতু।

মুখ্যমন্ত্রী জানান, এই উৎসব চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। বড়দিন উপলক্ষে ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ থাকবে। এই দুই দিন ওই রাস্তা শুধুমাত্র ওয়াকিং স্ট্রিট হিসেবে ব্যবহৃত হবে।










