অস্ট্রেলিয়ার সিডনিতে জনাকীর্ণ বন্ডাই সমুদ্রসৈকতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটল। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯ জন, তাঁদের মধ্যে দু’জন পুলিশ সদস্য। সন্দেহভাজন হামলাকারীদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে, অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখা হচ্ছে। বিবিসি সূত্রে খবর, ইহুদিদের বাৎসরিক ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে ওই সময় বন্ডাই সমুদ্রসৈকতে এক হাজারের বেশি মানুষ জমায়েত করেছিলেন। সেই অনুষ্ঠানকে লক্ষ্য করেই হামলা চালানো হয় বলে সন্দেহ।
এবিসি নিউজ জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিট নাগাদ গুলির শব্দ ছড়িয়ে পড়তেই সৈকতের উত্তর দিক থেকে শত শত মানুষ আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা ভারী অস্ত্রের গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। পুলিশ ৬টা ৪৫ মিনিট নাগাদ ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়।
প্রায় ৪০ মিনিট পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযান চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি গাড়িতে সন্দেহজনক বিস্ফোরকও পাওয়া গেছে, যার সঙ্গে নিহত হামলাকারীর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এক বিবৃতিতে বলেন, বন্ডাইয়ের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও আতঙ্কজনক। পরে টেলিভিশনে ভাষণ দিয়ে তিনি বলেন, একজন অস্ট্রেলীয় ইহুদির উপর হামলা মানে গোটা অস্ট্রেলিয়ার উপর হামলা।










