উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার আইসি সমরেশ ঘোষের নির্দেশে শুক্রবার রাতে দক্ষিণ বারাশত এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।
ধৃতের নাম দেবু কুমার কয়াল (৪২)। তাঁর বাড়ি জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণ পঞ্চায়েতের সরিষা সরদার পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনি মদ বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
শনিবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে জয়নগর থানার পুলিশ।










