মাইথন জলাধারে ঘুরতে গিয়ে আর হরিণের দেখা পাওয়া যাবে না। কারণ ডিভিসি কর্তৃপক্ষ মাইথনের ডিয়ার পার্ক থেকে হরিণ গুলিকে পর্যায়ক্রমে ঝাড়খণ্ডের পালামৌ পার্কে স্থানান্তরিত করতে চলেছে।
আগামী তিন মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে। প্রায় ২৫০ টি হরিণকে মাইথন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদিও শুরু হয়েছে। এই কাজে ঝাড়খন্ড সরকারের বন বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকেরাও বিশেষ সহায়তা করছেন। হরিণ গুলিকে মাইথনের জলাধার সংলগ্ন পার্ক থেকে নিয়ে যাওয়ার জন্য ডিয়ার পার্ক থেকে হাইডেল পর্যন্ত ১৫ ফুট চওড়া একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তায় হরিণ বহনকারী ট্রাকগুলি সরাসরি ডিয়ার পার্কে পৌঁছে যেতে পারবে।
এছাড়াও নিরাপদে ট্রাকের মাধ্যমে হরিণগুলিকে নিয়ে যাওয়ার জন্য ট্রাকের ভেতরের ব্যবস্থা আরামদায়ক করা হচ্ছে। পার্ক থেকে যাতে সরাসরি হরিণগুলি ট্রাকের মধ্যে উঠতে পারে সেজন্য বাঁশের জাল তৈরি করা হচ্ছে। এই জালের মাধ্যমে হরিণগুলি সহজেই পার্কের জমি থেকে হেঁটে ট্রাকের ভেতরে চলে যাবে। এই প্রক্রিয়া চলাকালীন যাতে পার্কের বাইরে হরিণ চলে না যায় সেজন্য পার্কের চারপাশেও বেড়া দেওয়া হচ্ছে। বড়দিন এবং নববর্ষের জন্য যখন মাইথন ড্যামে বিভিন্ন রকম সাজসজ্জার প্রস্তুতি চলছে, তখন অন্যদিকে এখানকার অন্যতম আকর্ষণ ডিয়ার পার্ক বন্ধ করারও সক্রিয় উদ্যোগ চলছে।
ফলে আগামী কিছুদিনের মধ্যেই মাইথন জলাধার সংলগ্ন এলাকা থেকে বিলুপ্ত হতে চলেছে হরিণের পাল।










