Home / খবর / জেলায় জেলায় / বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালন জয়নগরে

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালন জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বৃহস্পতিবার সুন্দরবনের ১৯টি ব্লক জুড়ে পালিত হল সুন্দরবন দিবস। ম্যানগ্রোভ বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়াতে প্রতিবছরই এই দিবস উদযাপন করে সুন্দরবন দপ্তর। সেই মতো এদিন সকালেই বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জয়নগর এক, জয়নগর দুই ও কুলতলি ব্লকে শুরু হয় দিনের কর্মসূচি।

জয়নগর এক নম্বর ব্লকে বিডিও অফিস বহড়ু থেকে বের হয় একটি শোভাযাত্রা, যাতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ— সকলে অংশ নেন। একইভাবে জয়নগর দুই নম্বর ব্লকের নিমপীঠে বের হয় আরেকটি শোভাযাত্রা। কুলতলিতেও স্কুল পড়ুয়ারা ও সাধারণ মানুষের অংশগ্রহণে পালিত হয় সুন্দরবন দিবস।

বহড়ু বিডিওর মাঠে প্রদীপ জ্বালিয়ে দিবসের সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর বিডিও শুভদীপ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহ-সভাপতি সুহানা পারভীন বৈদ্য, জেলা পরিষদ সদস্য তপন কুমার মণ্ডল, বন্দনা লস্কর, অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ ও পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ।

জয়নগর দুই নম্বর বিডিও অফিসে দিবসের সূচনা অনুষ্ঠানে ছিলেন বিডিও রাজা আদক, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াংকা মণ্ডল ও অন্যরা। এদিন সুন্দরবন রক্ষার গুরুত্ব এবং করণীয় তুলে ধরেন বিধায়ক বিশ্বনাথ দাস।

অনুষ্ঠান উপলক্ষে বসে আঁকো, গান, আবৃত্তি, নৃত্য, ম্যাজিক শো ও নাটক পরিবেশিত হয়। স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের উৎসাহে জমজমাট হয়ে ওঠে সুন্দরবন দিবস পালনের আয়োজন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *