সাতটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সময়সীমা আবার বাড়াল নির্বাচন কমিশন। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ, পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি কমিশন। কাজ শেষ করার জন্য সর্বাধিক সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে।
কমিশন আগেই জানিয়েছিল, প্রয়োজনে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। সেই অনুযায়ী নতুন নির্দেশে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ এসআইআরের কাজের জন্য বাড়তি সময় পাচ্ছে।
প্রসঙ্গত, এসআইআরের ফর্ম ডিজিটাইজ করে অ্যাপে আপলোডের নির্দেশ আসার পর থেকেই বিএলও-দের একাংশ সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছিল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে জেলাশাসকরাও একই দাবি তোলেন। যদিও সেই সময় জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, সময় বাড়ানো হবে না। পরে এক সপ্তাহ বাড়ানো হলেও, পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ আর কোনও অতিরিক্ত সময় পায়নি।










