Home / খবর / শহরে দূষণ কমাতে ওয়াটার মিস্ট ক্যানন দিয়ে জল ছড়াচ্ছে কলকাতা পুরসভা

শহরে দূষণ কমাতে ওয়াটার মিস্ট ক্যানন দিয়ে জল ছড়াচ্ছে কলকাতা পুরসভা

ছবি: রাজীব বসু

শীত পড়লেই বায়ুদূষণ বাড়ে। তবে এ বার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দিল্লিকেও ছাপিয়ে গেল কলকাতার দূষণের মাত্রা। পরিবেশবিদদের মতে, এই পরিস্থিতির জন্য সমান ভাবে দায়ী কেন্দ্র ও রাজ্য—গাফিলতির কারণেই বাড়ছে দূষণ।

পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ স্পষ্টভাবে বলেন, “এটা আমাদের চরম অবহেলা। দিল্লির ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে ভিক্টোরিয়ার চারপাশে যে মেট্রোরেলের কাজ চলছে, সেটা ঢেকে করা উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না। ধুলো আটকাতে নিয়মিত জল ছেটানো দরকার, সেটাও হচ্ছে না।”

তিনি আরও জানান, মা ফ্লাইওভারের ওপরে চলাচলকারী পুরনো ডিজেল গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা জরুরি। “এটা রাজ্য সরকারের কাজ। আবার নির্মাণকাজ ও যানবাহন সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য কেন্দ্রও দোষী,” মন্তব্য তার।

সাধারণত শীতকালে কলকাতায় দূষণ বাড়লেও তা এতটা ভয়াবহ হয় না। সোমেন্দ্রমোহনের মতে, “কলকাতায় গাড়ির সংখ্যা দিল্লির চেয়ে কম। ময়দানের আশপাশও দিল্লির মতো ঘনবসতিপূর্ণ নয়। তবুও যদি এখানকার AQI দিল্লির থেকে খারাপ হয়, তাহলে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিস্থিতি আরও শোচনীয় হবে।”

মঙ্গলবার রাতে উদ্বেগ বাড়িয়ে কলকাতার ‘ফুসফুস’ ময়দানের AQI পৌঁছয় ৩৪২-এ। রাত আটটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে এই সূচক ছিল বিপজ্জনক মাত্রায়। সেই সময় দিল্লির AQI ছিল ২৯৯। কলকাতায় বায়ুদূষণের এই জোরদার বৃদ্ধি বিশেষজ্ঞদের তীব্র উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *