রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত বা নিখোঁজ ভোটারের যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলের এজেন্টদের হাতে তুলে দিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
নির্দেশ অনুযায়ী, বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) সঙ্গে বৈঠক করে এই তালিকা দেবেন। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও তালিকা আপলোড করা হবে। বিহারে যে এসআইআর নিয়ম অনুসরণ করা হয়েছিল, এখানেও সেই নিয়মই মানতে হবে বলে জানানো হয়েছে।
বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের তালিকা বিএলএ-দের দেখাতে হবে। দলগুলির মনোনীত এজেন্টদের হাতে তালিকা তুলে দেওয়া হবে। যাঁরা একাধিক বার ঠিকানা বদলেছেন, তাঁদের নাম কেবলমাত্র বর্তমান ঠিকানার তালিকায় থাকবে। যাঁদের বাড়িতে বারবার গিয়ে বিএলও কোনও তথ্য পাননি, তাঁদের নামও খসড়া তালিকায় রাখা হবে না।
বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। পাঁচ লক্ষেরও বেশি বিএলও এবং প্রায় ১২ লক্ষ বিএলএ এই প্রক্রিয়ায় যুক্ত। কমিশনের মতে, বিএলও ও বিএলএ-র যৌথ বৈঠক অত্যন্ত জরুরি—এর ফলে খসড়া তালিকার কোনও ভুল আগে থেকেই শনাক্ত করে সংশোধন করা সম্ভব হবে এবং কোনও বৈধ ভোটার যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করা যাবে।
পশ্চিমবঙ্গে ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজ়েশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মৃত ভোটার ২৪,১৪,৭৫০ জন। নিখোঁজ ১১,৫৭,৮৮৯ জন। স্থানান্তরিত হিসাবে বাদ পড়ছেন ১৯,৮৯,৯১৪ জন। ভুয়ো হিসাবে চিহ্নিত ১,৩৫,৬২৭ জন। অন্যান্য কারণে বাদ পড়ছেন আরও ৫৪,০২৭ জন। সব মিলিয়ে মোট ৫৭,৫২,২০৭ জন ভোটার বাদের তালিকায়।
গত ৪ নভেম্বর শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম আপলোডের শেষ দিন ১১ ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।










