উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময়সংক্রান্ত সমস্যার অভিযোগের পর বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা সংসদ। চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে প্রশ্নপত্র ও ওএমআরশিট। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে চূড়ান্ত অনুমতি মিললেই। প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিকাশ ভবনে।
সম্প্রতি শেষ হওয়া তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্কের মতো বিষয়ে প্রশ্নপত্র পেয়ে উত্তর দিতে গিয়ে সময় কম পড়ার অভিযোগ করেন বহু পড়ুয়া। সেই দাবি মেনেই অতিরিক্ত সময় বিবেচনা করতে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারই অংশ হিসেবে পরীক্ষার শুরু হওয়ার আগে প্রশ্নপত্র হাতে দেওয়ার সিদ্ধান্ত।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা। বর্ণনামূলক প্রশ্নের এই পরীক্ষায় সময় নির্ধারিত সকাল ১০টা থেকে দুপুর ১২টা। তবে পরীক্ষার্থীরা সকাল ৯টা ৫০ মিনিটেই প্রশ্নপত্র পেয়ে যাবেন, যাতে প্রশ্ন পড়ে উত্তর সাজানোর বাড়তি সময় পান।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে। শুধু প্রশ্ন পড়ার সুবিধার্থে ১০ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে।”
নিয়ম অনুযায়ী, যেদিন চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে, সেদিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে ওএমআরশিটে। সময় দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট। এখানেও পরীক্ষার্থীরা ১২টা ৫০ মিনিটেই ওএমআরশিট হাতে পাবেন।
শিক্ষা সংসদ জানিয়েছে, মূল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন নেই—তৃতীয় সেমিস্টার থাকবে ১ ঘন্টা ১৫ মিনিট, আর চতুর্থ সেমিস্টার ২ ঘণ্টা। পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনও নিয়ম বদলানো হচ্ছে না। তাঁরা আগের মতোই ৩ ঘণ্টা ১৫ মিনিট সময়েই পরীক্ষা দেবেন।










