বুবাই শীল, জলপাইগুড়ি: তিস্তা নদীতে হঠাৎ করে বেশ কিছু মৃত মাছ ভেসে ওঠায় মঙ্গলবার সকালেই চাঞ্চল্য ছড়াল মরিচবাড়ি এলাকায়, রেল সেতুর ঠিক নীচে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অসাধু কয়েকজন জেলে দ্রুত বেশি মাছ ধরার উদ্দেশ্যে নদীতে বিষ তেল ফেলে দেন। তার জেরেই বোয়াল, বরোলি-সহ একাধিক নদীয়ালি মাছের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের।
স্থানীয় বাসিন্দা বিমল ব্যাপারি ও রবীন্দ্র অধিকারীদের অভিযোগ, “নদীতে বিষ তেল ঢালার পর থেকেই মাছ মরতে দেখা যাচ্ছে। এটা দীর্ঘদিনের সমস্যা, নিয়মিত নজরদারি হওয়া দরকার।”
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান মৎস দপ্তরের সহ-অধিকর্তা রমেশচন্দ্র বিশ্বাস ও অন্যান্য কর্মীরা। তিনি জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় সচেতনতা বাড়াতে ও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রমেশচন্দ্র বিশ্বাস, সহ-অধিকর্তা, মৎস্য দপ্তর
ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু স্থানীয় বাসিন্দা নদীর পানি ও পরিবেশগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।










