Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুর গ্রাফাইট কারখানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গরম পিচ ছিটকে জখম তিন, সরব শ্রমিক সংগঠন

দুর্গাপুর গ্রাফাইট কারখানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গরম পিচ ছিটকে জখম তিন, সরব শ্রমিক সংগঠন

দুর্গাপুর : ওয়েল্ডিংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে গরম পিচ ছিটকে জখম হলেন ৩ কর্মী। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে দুর্গাপুর গ্রাফাইট কারখানায়।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে গ্রাফাইট কারখানায়। তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । তার শরীরের বেশ কিছুটা অংশ ঝলসে গেছে। বাকি দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। এই ঘটনার পরে এই কারখানার কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক সংগঠন সিটু।

কারখানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দুর্গাপুর গ্রাফাইট কারখানায় বন্ধ হয়ে থাকা একটা ডিপার্টমেন্টে কাজ করছিলেন বাঁকুড়ার বাসিন্দা তিন ঠিকা কর্মী অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়। ওই ডিপার্টমেন্টের ভেতরে বেশ কিছুটা উপরে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। আচমকাই উপর থেকে লোহার ফ্রেম কাটার সময় নিচে পড়ে। তখনই ওয়েল্ডিংয়ের আগুন পিচের সংস্পর্শে আসতেই তিনজন ঝলসে যান। গুরুতর জখম হন মৃণাল রায়। তিনজনকেই বিধান নগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

হাসপাতালের চিকিৎসক ডাঃ তীর্থ মুখোপাধ্যায় বলেন, তিনজনের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তাদের মধ্যে অত্যন্ত আশঙ্কাজনক মৃণাল রায়। তাদের সবার চিকিৎসা চলছে। সকলেই আগুনে ঝলসে গেছেন।

এই ঘটনার পরে কর্মীদের নিরাপত্তার দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন সিপিএমের শ্রমিক সংগঠন সিটু নেতৃত্ব। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু বলেন, এই কারখানায় কোনও নিরাপত্তা নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা যা বলেন, কারখানা কর্তৃপক্ষ তাই করেন। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

তবে, এদিনের এই ঘটনা নিয়ে কারখানা কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *