রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা আরও বাড়ল। নির্বাচন কমিশনের হিসাবে, ইতিমধ্যেই ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জন ভোটারের নাম বাদ পড়ার তথ্য মিলেছে। এর মধ্যে মৃত ভোটারই ১৮ লক্ষ ৭০ হাজার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, খসড়া ভোটার তালিকায় কোনও ‘অবৈধ’ ভোটারের নাম থাকবে না, আবার কোনও ‘বৈধ’ ভোটারের নামও বাদ যাবে না।
আরও পড়ুন: এসআইআর: রাজ্যে এখনও পর্যন্ত ম্যাপিং-এ মিলছে না ২৬ লক্ষ ভোটারের নাম
কমিশন সূত্রে জানা গিয়েছে, বাদ পড়াদের মধ্যে ৩ লক্ষ ৮০ হাজারকে খুঁজে পাওয়া যায়নি। ১১ লক্ষ ৮২ হাজার জন ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গিয়েছেন, তাই বাড়ি বাড়ি গেলেও তাঁদের হদিস পাননি বুথ স্তরের আধিকারিকেরা। খসড়া তালিকা থেকে বাদ পড়ার তালিকায় ৭৭ হাজার ৫৬০ জন ‘ভুয়ো’ ভোটারও রয়েছেন— অভিযোগ, একাধিক জায়গায় তাঁদের নাম রয়েছে। কমিশন জানিয়েছে, এই নকল ভোটারদের চিহ্নিত করে নাম মুছে ফেলা হবে।
বিএলও-দের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই এই প্রাথমিক হিসাব। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়েই মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটারদের তথ্য পেয়েছেন। সব ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব তৈরি হবে। কমিশনের মত, বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে।
বর্তমানে রাজ্যের ৮৮.৫০ শতাংশ ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়েছে। ৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়েছে এবং ৪ ডিসেম্বর সেই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। পশ্চিমবঙ্গে মোট ভোটার ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কত জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তা জানা যাবে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর।










