বারাবনি : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল পাড়াতে তৈরি করা হবে প্রাইমারি হেল্থ সেন্টার।
এই হেল্থ সেন্টারের জন্য পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের তরফে ১ কোটি ৩৭ লক্ষ ১৪ হাজার ৩৮১ টাকা বরাদ্দ করা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে ১০ শয্যার এই প্রাইমারি হেল্থ সেন্টারের নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ও বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এক বছরের মধ্যে এই প্রাইমারি হেল্থ সেন্টার তৈরির কাজ শেষ হয়ে যাবে, জানিয়েছে ঠিকাদারি সংস্থা।










