কলকাতায় দ্রুত গতিতে বাড়ছে ডিমের দাম। দুর্গাপুজোর সময় যেখানে একটি ডিমের দাম ছিল ৭ টাকার আশেপাশে, এখন তা কোথাও কোথাও বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকায়। হোলসেল ও রিটেল— দুই বাজারেই দাম বেড়েছে। ফলে সাধারণ ক্রেতার পকেটে পড়ছে চাপ।
শহরের বেশিরভাগ দোকানে এখন একটা ডিম ৮ টাকা হলেও জোড়া কিনলে দাম পড়ছে ১৫ টাকা। ফুল ট্রে (৩০টি ডিম) কিনলে দাম পড়ছে ২১৫ থেকে ২২০ টাকার মতো— যা পুজোর সময়ের তুলনায় বেশি।
ডিম ব্যবসায়ীদের মতে, শীতের মরশুমে ডিমের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ে। শীতের আগেই চাহিদা বেড়ে গেছে। বেকারি, পিকনিক এবং বিভিন্ন উৎসবের কারণে ডিমের ব্যবহার বাড়ে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কেক তৈরির ব্যস্ততা থাকে চরমে, সেই সময় ডিমের প্রয়োজনও বাড়ে।
কলকাতা এগ অ্যাসোসিয়েশনের এক সদস্য জানান, জোগান কমেনি। পশ্চিমবঙ্গে ডিম আসে মূলত অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ এবং পঞ্জাবের বারবোলা থেকে। কিন্তু উৎপাদন খরচ বেড়েছে— পোলট্রির খাবার ও ওষুধের দাম বাড়ায় তার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে বাজারে।
আরেক ব্যবসায়ী জানান, প্রতি বাক্স ডিমের হোলসেল দাম ২০ থেকে ২২ টাকা বেড়েছে। বর্তমানে রিটেল দাম স্থির রাখা হলেও, হোলসেল আরও বাড়লে খুচরো বাজারেও দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না।
সব মিলিয়ে শীত যত এগোবে, ডিমের দাম আরও বাড়ার সম্ভাবনাই বেশি।










