রবিবারের মধ্যেই রাজ্যে এনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ করতে হবে—শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জানা গিয়েছে, আগামী ১৮ নভেম্বর জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের দল রাজ্যে আসছেন। তাঁদের নেতৃত্বে থাকবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভরতি।
বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, শুধু ফর্ম বিলি নয়, ফর্ম সংগ্রহের কাজও যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, বিএলও-রা যে সব অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়েছেন, বিশেষত বিএলএ-২ সংক্রান্ত অভিযোগগুলি—তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের। এ পর্যন্ত বিএলও-দের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, সেগুলি নিয়েও কড়া পদক্ষেপের নির্দেশ দেয় কমিশন।
১৮ নভেম্বরের বৈঠকে উপস্থিত থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভরতি ছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি, মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সেই বৈঠকে ইভিএম প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকদের ইভিএম সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হবে। পরে তাঁরা জেলায় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের ইভিএমের কার্যপ্রণালী বোঝাবেন এবং মক পোলও করানো হবে।
কমিশন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যে মোট ৭.৫৫ কোটি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। যা মোট ভোটারের ৯৮.৫০ শতাংশ। অবশিষ্ট অংশ রবিবারের মধ্যেই বিলি হয়ে যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।










