বুবাই শীল, জলপাইগুড়ি: তিস্তা সেতুর উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। একটি বাইক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন আরও এক বাইক আরোহী। দীর্ঘ আট ঘণ্টা তল্লাশির পরে তিস্তা নদী থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ যুবক বাপ্পা বর্মনের দেহ।
শুক্রবার রাত ১১টা নাগাদ জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। পিক আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়ে এক বাইকে থাকা তিন আরোহী। দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

খোঁজ চলছিল বাইকের মালিক বাপি বর্মনের। আজ সকালে তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরের বাসিন্দা বাপ্পা বর্মনের দেহ। দুটো গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারনেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










