Home / খবর / ডালহৌসিতে ভয়াবহ আগুন, ঘন কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ডালহৌসিতে ভয়াবহ আগুন, ঘন কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

কোলফিল্ড টাইমস: ডালহৌসির আর.এন. মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশ তৈরির এক কারখানায় ভয়াবহ আগুন লাগে শুক্রবার সকালে। ঘটনাস্থল ২১ নম্বর আর.এন. মুখার্জি রোড— ঘিঞ্জি এলাকা, চারপাশে ছোট ছোট দোকান, অফিস ও গোডাউন। সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই গোডাউনের পিছন দিক থেকে ধোঁয়া বেরোতে দেখে চমকে যান স্থানীয় দোকানকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা যায়।

প্রথমে আশপাশের দোকানিরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ভিতরে আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। কিন্তু ভিতরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে, পরে আরও তিনটি যোগ দেয়। আগুনের তীব্রতা দেখে দমকল আধিকারিকরা জানিয়েছেন, ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনাস্থলে এখন ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। অত্যন্ত ঝুঁকি নিয়ে দমকলকর্মীরা ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ধোঁয়ার ঘনত্ব এতটাই যে, সেখানে শ্বাস নেওয়াই দুষ্কর হয়ে উঠেছে।

গোডাউনে প্রচুর পরিমাণে রাসায়নিক ও তৈলজাত পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আপাতত আশপাশের দোকান ও অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে পুলিশ ও দমকল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এখনো পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *