কোলফিল্ড টাইমস: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডি আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার আত্মসমর্পণের পর ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মেলে তাঁর। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী শুনানির আগে কলকাতা ও বোলপুরের বাইরে যেতে পারবেন না তিনি।
ইডি সূত্রে খবর, তদন্তে প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাকরিপ্রার্থীর তালিকার সূত্রেই চন্দ্রনাথের নাম সামনে আসে। কুন্তলের দাবি, ওই তালিকা পাঠিয়েছিলেন চন্দ্রনাথ। এর আগে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছে।
শনিবার শুনানিতে ইডি আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, “আমরা ৭ দিনের হেফাজতের আবেদন জানিয়েছিলাম। ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।”
চন্দ্রনাথের জামিন প্রসঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, “উনি জামিন পেয়েছেন, এটা ভাল জিনিস।” তবে যথারীতি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এ ব্যাপারে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “কারামন্ত্রীকে যদি আত্মসমর্পণ করতে হয়, সেটা বাংলার জন্য লজ্জার”। বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, “তৃণমূলে এখন তিন শ্রেণির নেতা রয়েছেন— কেউ জেলে, কেউ বেলে, কেউ জেলে যাওয়ার অপেক্ষায়।”










