Home / খবর / রাজ্য / হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার ৬ অভিযাত্রী, উদ্বেগে পরিবার

হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার ৬ অভিযাত্রী, উদ্বেগে পরিবার

হিমাচলপ্রদেশে ট্রেকিং অভিযানে গিয়ে নিখোঁজ কলকাতার ছ’জন অভিযাত্রী। ‘দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন’-এর পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ১৭ আগস্ট থেকে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

১৩ জন সদস্যের ওই দলে ছিলেন ছ’জন বাঙালি, সাত জন পোর্টার এবং একজন শেরপা। দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ অভিযাত্রী এম. নবী তরফদার। তাঁর সঙ্গে রয়েছেন অরুণাভ নস্কর, গৌতম বর্ধন, নীলুফা, ত্রিদিব সরকার এবং শুভদীপ মুখোপাধ্যায়। শেষবার তাঁদের সঙ্গে যোগাযোগ হয়েছিল লাহুল-স্পিতির বাতালে এলাকায়। সেখান থেকে তাঁরা বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। কিন্তু এরপর থেকে দলটির আর খোঁজ পাওয়া যায়নি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫-২৬ অগস্টের মধ্যে অভিযাত্রীদের নেটওয়ার্ক কভারেজ এলাকায় ফিরে আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এর মধ্যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অভিযাত্রী সংস্থা জানিয়েছে, লাহুল-স্পিতির পুলিশ সুপার এবং কেলংয়ের এসডিপিও-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া উদ্ধারকাজ শুরু করা সম্ভব নয় বলে আশঙ্কা করছে সংস্থা। পরিবারের সদস্যরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারকাজ শুরুর আবেদন জানিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *