Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে সেবা সেতু অভিযানে ভিড় উপভোক্তাদের

জলপাইগুড়িতে সেবা সেতু অভিযানে ভিড় উপভোক্তাদের

 

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: আয়োজনে ঘাটতি নেই। ভিড় উৎসাহী উপভোক্তাদেরও। শুক্রবার সদর শহর ও লাগোয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় সাড়ম্বরে ‘সেবা সেতু অভিযানের’ সূচনা করল প্রশাসন। শহরের ক্ষেত্রে ২৫ টি ওয়ার্ডের জন্য তিনটি শিবিরের সূচনা করে পুরসভা। কার্যক্রম চলবে রবিবার পর্যন্ত। এক ছাদের তলায় কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আবেদনের ‘স্টাটাস’ নিয়েও খোঁজ নিতে পারবেন উপভোক্তারা।

উপভোক্তাদের পরিষেবা প্রদান। ছবি: অমিত বণিক।

এদিন সদর শহরের ১ থেকে ৬ ও ১৭ থেকে ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য দিনবাজারের নতুন মার্কেট কমপ্লেক্সে শিবির করা হয়েছে। ৭ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য পুরসভার নেতাজি সুভাষ প্রয়াস হল ও ২০ থেকে ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য নেতাজিপাড়া ফ্লাড সেন্টারে শিবির করা হয়। শিবির ঘুরে দেখেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক দেবদুলাল পাত্র-সহ অন্য আধিকারিকেরা। প্রয়াস হলে এসে এক বর্ষীয়ান মহিলা অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে হাসপাতালে পাঠান সমাজসেবী টিনা গাঙ্গুলি-সহ অন্যরা। বিভিন্ন দপ্তরের কর্মীরা এদিন তাদের প্রকল্পসমূহ নিয়ে শিবিরে বসেন। দিনবাজার মার্কেট কমপ্লেক্স-সহ অন্য শিবির গুলিতে উপভোক্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

দেবদুলাল পাত্র, নির্বাহী আধিকারিক।

পুর কার্যনির্বাহী আধিকারিক দেবদুলাল পাত্র বলেন, “প্রথম দিনের সূচনায় যাতে কারও কোনও অসুবিধা না হয় তা আমরা দেখছি। প্রচুর মানুষ এসেছেন। পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেজন্য বারকয়েক শিবির পরিদর্শনও করেছি। ব্যাপক সাড়াও পেয়েছি প্রথম দিনেই।” এছাড়া সদর ব্লকের কোনপাকড়ি এলাকার বিবেকানন্দ হাইস্কুল ও ডেঙ্গুয়াঝাড়ের কালিয়াগঞ্জ হাইস্কুলেও শিবির করে গ্রামীণ এলাকার মানুষজনদের পরিষেবা প্রদান করা হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *