অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় ৪ ছাত্রকে শর্তসাপেক্ষে অন্তর্বতীকালীন জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। গত মঙ্গলবার স্কুলে খাওয়া নিয়ে প্রধান শিক্ষক ধর্মচাদ বাড়ুইয়ের সঙ্গে বচসা বাঁধে কিছু ছাত্রের। বচসা চলাকালীন নিগৃহীত হন প্রধান শিক্ষক। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরগরম হয়ে ওঠে শিক্ষা মহল। সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য ভেসে বেড়ায়।

এই ঘটনার জেরে নড়েচড়ে বসে জেলা শিক্ষা দফতর ও প্রশাসন। স্কুলে আসেন খোদ শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তিনি ওই ৪ ছাত্রকে টিসি দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই চার ছাত্রকে কোরক হোমে পাঠায়। সোমবার ওই মামলার শুনানি নয় জুভেনাইল জাস্টিস বোর্ডে।

আইনজীবি শান্তা চট্টোপাধ্যায় জানান, কারও নাম নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হয়নি। তাছাড়া ওই চার ছাত্রকে টিসি দেওয়ার পরে, একই অপরাধে দু’বার শাস্তি হতে পারে না। সামনেই মাধ্যমিক। তাদের ভবিষ্যতের স্বার্থে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। ওই ছাত্ররা অন্য স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। আরেক আইনজীবি সীতাংশু বণিক জানান, জামিনের শর্ত অনুযায়ী প্রথম ৭ দিনের প্রতিটি দিন ও পরবর্তী দু’মাসে সপ্তাহে ১ দিন করে শিশু সুরক্ষা আধিকারিক ও কাউন্সেলরের সামনে হাজির হতে হবে ওদের। ঘরের ছেলেরা জামিন পাওয়ায় আপাত স্বস্তিতে ওই চার ছাত্রের অভিভাবকেরা। জিলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুই সে দিনের ঘটনায় কারও নাম নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করেননি বলেই সমর্থিত সূত্রের খবর। এ বিষয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি তিনি।









