Home / খবর / রাজ্য / বিকাশ ভবনে দীর্ঘ বৈঠক, একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক দাবিতে স্মারকলিপি

বিকাশ ভবনে দীর্ঘ বৈঠক, একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক দাবিতে স্মারকলিপি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা-সহ দীর্ঘদিনের বকেয়া শিক্ষাগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক দাবির সমাধানের দাবিতে মঙ্গলবার বিকাশ ভবনে বিদ্যালয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করল অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (এ.এস.এফ.এইচ.এম)-এর প্রতিনিধিদল।মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা মন্ত্রী দীপক বর্মন, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী অশোক দিন্ডা।বৈঠকে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা, শারীরিক নিগ্রহ ও মানসিক হয়রানির বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরে সংগঠন। বাঁকুড়ার বাঁকি সেন্দ্রা হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের উপর হামলা এবং উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাসকে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগও প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়। প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে।পেশাগত দাবির ক্ষেত্রে উচ্চতর প্রারম্ভিক বেতন, অতিরিক্ত ইনক্রিমেন্ট, আপগ্রেডেশন ইনক্রিমেন্ট পুনর্বহাল, পিএফ-এর সুদ সংক্রান্ত জটিলতার সমাধান এবং ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ প্রদানের দাবি জানানো হয়।এছাড়া ও বার্ষিক ফি বৃদ্ধি, অতিরিক্ত বোর্ড ও সংসদ ফি প্রত্যাহার, বিনামূল্যে শিক্ষা,উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতির আধুনিকীকরণ এবং বিদ্যালয় গুলিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিও তোলা হয়।
প্রশাসনিক ক্ষেত্রে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের ক্ষমতা পুনর্বহাল, অ-শিক্ষামূলক কাজের জন্য নোডাল অফিসার নিয়োগ,স্কুল ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি গঠন,শিক্ষক ও শিক্ষা কর্মীদের শূন্যপদে দ্রুত নিয়োগ, উদ্বৃত্ত শিক্ষকদের যুক্তিসঙ্গত বদলি এবং অবসরের দিনেই No-Liability Certificate প্রদানের দাবি জানায় সংগঠন।
এ.এস.এফ.এইচ.এম-এর দাবি, বিদ্যালয় শিক্ষা মন্ত্রী নিজেও একজন প্রধান শিক্ষক হওয়ায় তিনি তাঁদের সমস্যা গুলি মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবিগুলি সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।বৈঠক শেষে প্রতিনিধিদল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করে। সেখানেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি, ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আলতাব শেখ,রাজ্য সহ সভাপতি সুব্রত বুরাই ও সুবীর মাইতি, সহ-সম্পাদক ড. গোপাল দত্ত, সহ-সম্পাদিকা আলো সরকার এবং রাজ্য কোষাধ্যক্ষ সায়ন্তন দাস।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *