রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জন: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি রুখতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বাজার ও চিত্তরঞ্জন ব্লকের আমলাদহি বাজারে মঙ্গলবার আচমকা অভিযান চালালেন মহকুমাশাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিক।
আসানসোলের মহকুমাশাসক বা এসডিও(সদর) সাধন দেবনাথের নেতৃত্বে এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন এসিপি (কুলটি) জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল সহ প্রশাসনের অন্যান্য কর্তারা।
বাজার পরিদর্শনের সময় চাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল, বিভিন্ন শাকসবজি এবং মাছ-মাংসের বর্তমান দর বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। পাইকারি ও খুচরো বাজারের দামের পার্থক্য খতিয়ে দেখে কৃত্রিমভাবে কোনও পণ্যের দাম বাড়ানো হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন আধিকারিকরা।
অভিযান শেষে মহকুমাশাসক সাধন দেবনাথ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বিনা কারণে বা কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ানো হলে প্রশাসন তা বরদাস্ত করবে না। বাজারে কেনাবেচায় কোনও অনিয়ম বা কালোবাজারি ধরা পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসনের এই আচমকা অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনেও এই ধরনের নজরদারি জারি থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।










