মেমারি: প্রকাশ্যে চলছিল ট্যাঙ্কার। কিন্তু সেই ট্যাঙ্কারেই গোপনে ইথানল পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মেমারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইথানল উদ্ধার করল আবগারি দফতর। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, মেমারি জিটি রোডের ধারে প্রকাশ্যে চলাচলকারী ট্যাঙ্কার থেকে ইথানল কাটাই করে পাচারের অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরেই গোপন অভিযান চালানো হয়। অভিযানে দুটি ট্যাঙ্কার, পাঁচটি ব্যারেল এবং প্রায় ১২০০ লিটার ইথানল বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি আবগারি দফতরের।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিজিৎ কোয়ার নামে এক ব্যক্তিকে। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায় বলে জানা গেছে। এছাড়াও বিহারের নওদা জেলার বাসিন্দা বাল্মীকি কুমার এবং দীপক কুমারকেও গ্রেফতার করা হয়েছে।
আবগারি দফতরের প্রাথমিক অনুমান, ট্যাঙ্কার থেকে ইথানল সরিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, কোথা থেকে ইথানল আনা হচ্ছিল এবং কোথায় তা পাচার করার পরিকল্পনা ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া ইথানলের উৎস ও পাচারচক্রের মূল মাথার সন্ধানে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।










