Home / খবর / জেলায় জেলায় / অস্ত্র-কয়লার অন্ধকার সাম্রাজ্যে বড় ধাক্কা, এসটিএফের জালে কুখ্যাত কয়লা মাফিয়া সামশের, খনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য

অস্ত্র-কয়লার অন্ধকার সাম্রাজ্যে বড় ধাক্কা, এসটিএফের জালে কুখ্যাত কয়লা মাফিয়া সামশের, খনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য

জামুড়িয়া: অবৈধ কয়লা কারবারের অন্ধকার জগতে বড়সড় ধাক্কা। দীর্ঘদিন ধরে খনি এলাকায় সক্রিয় বলে অভিযোগ থাকা কুখ্যাত কয়লা মাফিয়া সামশেরকে নাটকীয় অভিযানে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার গভীর রাতে জামুড়িয়ার একটি বাড়িতে গোপন অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। মঙ্গলবার তাকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এসটিএফ।
তদন্তকারী সূত্রে থেকে জানা গেছে, সামশেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লা উত্তোলন, পাচার এবং অস্ত্র চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল। শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, ঝাড়খণ্ড ও বিহারের সঙ্গে যুক্ত একটি বৃহৎ নেটওয়ার্কের খোঁজও মিলেছে বলে তদন্তকারীদের দাবি।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তদন্তে উঠে এসেছে আধুনিক আগ্নেয়াস্ত্রের যোগসূত্র। অভিযোগ, কয়লার কালোবাজারি রক্ষা ও দখলদারি বজায় রাখতে ভিনরাজ্য থেকে অস্ত্র এনে ব্যবহার করা হতো। সেই অস্ত্র কারা সরবরাহ করত, কারা কিনত এবং এই চক্রের নেপথ্যে আর কারা রয়েছে, তারই খোঁজে জোরদার তদন্ত শুরু করেছে এসটিএফ।
স্থানীয়দের একাংশের দাবি, খনি অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লার ব্যবসাকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছিল। অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অনেক ক্ষেত্রেই সেই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়নি। সামশেরের গ্রেফতারির পর এবার বড় মাথাদের নাম সামনে আসতে পারে বলে জল্পনা তুঙ্গে।
তদন্তকারীরা সামশেরের মোবাইল ফোন, আর্থিক লেনদেন এবং ঘনিষ্ঠ সহযোগীদের খতিয়ে দেখছেন। সূত্রের দাবি, এই জেরার ভিত্তিতেই কয়লা পাচার, অস্ত্র চক্র এবং আর্থিক লেনদেনের আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে।
খনি অঞ্চলে অবৈধ কয়লার সাম্রাজ্যে কি এবার বড় ভাঙন ধরতে চলেছে? সামশেরের গ্রেফতারির পর সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আসানসোল-জামুড়িয়া-
রানিগঞ্জ জুড়ে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *