রুপনারায়নপুর ও আসানসোল: এলাকায় বড়সড় কোনও অপরাধমূলক কাজ নাকি নেপথ্যে লুকিয়ে ছিল কোনও নাশকতার ছক? আসানসোলের সালানপুর থানার রুপনারায়নপুরের হাসিপাহাড়ি সংলগ্ন হিন্দুস্তান কেবলসের কোয়ার্টার এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবকের গ্রেফতারির পর ঠিক এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে।
শনিবার সন্ধ্যায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়ে এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সাগর যাদব (২৮)। সে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার কুমারডুবি মাইথন মোড় এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, শনিবার সন্ধ্যায় হাসিপাহাড়ি সংলগ্ন কেবলসের কোয়ার্টার এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় এলাকায় টহল দিচ্ছিল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ভ্যান দেখেই আচমকা পালানোর চেষ্টা করেন ওই যুবক। এতেই সন্দেহ আরও বাড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের।
তাড়া করে ওই যুবককে আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। সাগর যাদব নামের ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিয়মিত এই এলাকায় তার আসা যাওয়া ছিল। শনিবার সন্ধ্যায় এই কোয়ার্টার এলাকায় সে ঠিক কি উদ্দেশ্যে অপেক্ষা করছিল?
তদন্তকারীদের অনুমান ধৃতের কাছে যেভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি মিলেছে, তার পিছনে কোনও বড়সড় অপরাধমূলক পরিকল্পনা বা নাশকতার ছক থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ পুলিশ প্রশাসন। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ধৃতের কোনও অপরাধমূলক অতীত রেকর্ড রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রের উৎস কি এবং ঝাড়খণ্ড থেকে এই অস্ত্র এখানে আনার পিছনে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। পুলিশের স্পষ্ট বক্তব্য, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোলেই ঘটনার প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার হবে।
রবিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে, রিমান্ডে নেওয়ার জন্য রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ বিচারকের কাছে আবেদন করেছে বলে জানা গেছে।










