Home / খবর / জেলায় জেলায় / বোর্ড ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই বড় উদ্যোগ, ফোনে নাগরিকদের সঙ্গে সরাসরি রাজ্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

বোর্ড ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই বড় উদ্যোগ, ফোনে নাগরিকদের সঙ্গে সরাসরি রাজ্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

আসানসোল: আসানসোল পুরনিগমের নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাগরিক পরিষেবা নিয়ে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আসানসোল পুর কমিশনারের দপ্তরে বসে ‘লাইভ ফোন-ইন’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও পরামর্শ শুনলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এই উদ্যোগে আসানসোল পুরনিগম এলাকার বাসিন্দারা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে রাস্তা, নিকাশি, পানীয় জল, রাস্তার আলো, বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি অভিযোগকারীর ফোন নম্বর নথিভুক্ত করে সংশ্লিষ্ট সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য পুরনিগমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রশাসনিক সূত্রের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল নাগরিকদের অভিযোগ সরাসরি প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়া এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা। পুরবোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসনের কাজকর্ম নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে কোনও অনিশ্চয়তা না থাকে, সেই বার্তাও এই কর্মসূচির মাধ্যমে দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, আসানসোল পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী এবং পুরনিগমের অন্যান্য আধিকারিকরা। অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *