আসানসোল: হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে দুই যুবককে আটক করতে গিয়ে বচসায় জড়িয়ে পড়ল আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ। অভিযোগ, তাদের মধ্যে এক যুবক নিজেকে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেন। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে আসানসোল পুরনিগম মোড় সংলগ্ন জিটি রোড এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোল পুরনিগম মোড়ে ট্রাফিক আইন প্রয়োগের উদ্দেশ্যে অভিযান চলাকালীন হেলমেট ছাড়া মোটরবাইকে আসা দুই যুবককে থামানো হয়। নিয়ম ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে জরিমানার প্রক্রিয়া শুরু হলে শুভম ঠাকুর নামে এক যুবক উত্তেজিত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
কর্তব্যরত এক পুলিশ অফিসারের দাবি, ওই যুবক নিজেকে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। তবে প্রেস কার্ড দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। পাশাপাশি তিনি পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ পুলিশের।
পুলিশের আরও দাবি, যুবককে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ জানানো হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে, আটক যুবকের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।










