Home / খবর / জেলায় জেলায় / অফলাইনে আবেদন, তবু মেলেনি সরকারি অনুদান, ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ

অফলাইনে আবেদন, তবু মেলেনি সরকারি অনুদান, ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ

রানিগঞ্জ: সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার আশায় নির্ধারিত সময়ে অফলাইনে আবেদন করেছিলেন। পঞ্চায়েত কার্যালয় থেকেই জানানো হয়েছিল, অফলাইন ফর্ম জমা দিলেই হবে, আলাদা করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সেই আশ্বাসে ভরসা রেখেছিলেন রাতিবাটির বহু সাধারণ মহিলা। কিন্তু এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় শুক্রবার ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। রানিগঞ্জের রাতিবাটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে সামিল হন বহু মহিলা-সহ এলাকার বাসিন্দারা।বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২ জুন তাঁরা সরকারি প্রকল্পের জন্য অফলাইন আবেদনপত্র জমা দিয়েছিলেন। সেই সময় পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা স্পষ্ট জানিয়েছিলেন, অফলাইনে আবেদন করলেই হবে, অনলাইন আবেদন করার আর কোনও প্রয়োজন নেই। সরকারি কর্মীদের সেই কথাতেই বিশ্বাস রেখে তাঁরা আর অনলাইনে আবেদন করেননি।কিন্তু ৩০ দিনেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও যখন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও অর্থ জমা পড়েনি, তখন বাধ্য হয়ে তাঁরা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে খোঁজ নেন। অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন যে, অনলাইন আবেদন না করায় তাঁদের আবেদন সম্পূর্ণ হয়নি। ফলে নতুন করে আবার অনলাইনে আবেদন করতে হবে বলে জানানো হয়।এতেই শেষ নয়। বিক্ষোভকারীদের আরও বিস্ফোরক অভিযোগ, পরে তাঁরা জানতে পারেন যে, তাঁদের জমা দেওয়া অফলাইন আবেদনপত্র আদৌ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়নি। ফলে আবেদন কার্যকরই হয়নি এবং সরকারি অনুদানও আটকে রয়েছে। এই ঘটনাকে প্রশাসনিক চরম গাফিলতি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।এদিন পঞ্চায়েত কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভরত মহিলাদের বক্তব্য, সরকারি কর্মীদের ভুল তথ্য ও অবহেলার খেসারত দিতে হচ্ছে সাধারণ মহিলাদেরকে। বারবার অফিসে ঘুরেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত আবেদন যাচাই করে প্রাপ্য সরকারি অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন বিভ্রান্তি না হয়, তার জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *