উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, আলিপুর: বুধবার সকালে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল প্রায় ১০টা নাগাদ বহুতল ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত। জানা গিয়েছে, প্রথমে এনআইসি দপ্তরে আগুন লাগে এবং পরে তা দ্রুত ভবনের একাংশে ছড়িয়ে পড়ে। আগুনে শিক্ষা দপ্তর, মিড ডে মিল এবং হর্টিকালচার বিভাগের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের জানালার কাচ ভেঙে ভিতরে প্রবেশ করতে হয়। নিরাপত্তার স্বার্থে পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ঘটনার সময় ভবনের উপরের তলাগুলিতে কয়েকজন রংমিস্ত্রি কাজ করছিলেন। দমকল কর্মীরা দড়ির সাহায্যে তাঁদের নিরাপদে নীচে নামিয়ে আনেন। আগুন ও ধোঁয়ার কারণে যাতে কারও শ্বাসকষ্ট না হয়, তার জন্য ঘটনাস্থলে অক্সিজেন সিলিন্ডার এবং ব্রিদিং মেশিনেরও ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, বহুতলের চতুর্থ তলায় জেলা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। ফলে এই অগ্নিকাণ্ডে বহু সরকারি নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।









