Home / খবর / জেলায় জেলায় / এডিডিএ-তে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ, পার্কিং সমস্যা নিয়েও কড়া বার্তা বিজেপি বিধায়কদের

এডিডিএ-তে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ, পার্কিং সমস্যা নিয়েও কড়া বার্তা বিজেপি বিধায়কদের

দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-কে ঘিরে দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে আসতেই তদন্তের নির্দেশ দেওয়া হল। মঙ্গলবার এডিডিএ কার্যালয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোরুই উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এডিডিএ-র সিইও-সহ একাধিক আধিকারিক।

বৈঠকের পর দুই বিধায়ক জানান, এডিডিএ-র অধীনে থাকা একাধিক জমি এবং গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নথি ও জমির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। কোথাও দুর্নীতির প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে লক্ষণ ঘোরুই প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।

এদিনের বৈঠকে দুর্গাপুর শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যাও উঠে আসে। অনিয়ন্ত্রিত পার্কিংয়ের জেরে শহরের বিভিন্ন এলাকায় যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দুই বিধায়ক।

এডিডিএ-র জমি ও ফাইল ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তে কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর দুর্গাপুরবাসীর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *