Home / খবর / জেলায় জেলায় / বেনারস থেকে হাওড়ায় কচ্ছপ পাচারের অভিযোগ, রানিগঞ্জে রেল পুলিশের জালে এক পাচারকারী

বেনারস থেকে হাওড়ায় কচ্ছপ পাচারের অভিযোগ, রানিগঞ্জে রেল পুলিশের জালে এক পাচারকারী

রানিগঞ্জ ও আসানসোল: উত্তরপ্রদেশের বেনারস থেকে বাংলায় বেআইনি ভাবে কচ্ছপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি বা রেল পুলিশ। দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে প্রায় ৯৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অন্ডাল জিআরপির একটি দল দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসে তল্লাশি চালায়। সেই সময় ট্রেনের এক যাত্রীকে সন্দেহজনক অবস্থায় একাধিক বস্তা নিয়ে বসে থাকতে দেখা যায়। রেল পুলিশের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বস্তার ভিতরে কী রয়েছে, তার সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এরপর পুলিশ বস্তাগুলি তল্লাশি চালিয়ে চমকে ওঠে। দেখা যায়, ভিতরে রয়েছে বিপুল সংখ্যক জীবন্ত কচ্ছপ। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে রানিগঞ্জ স্টেশনে নামিয়ে অন্ডাল জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত ব্যক্তি নিজের নাম ববি বলে পরিচয় দেয়। সে উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা বলে জানিয়েছে। প্রাথমিক জেরায় ধৃতের দাবি, একজনের নির্দেশে সে কচ্ছপ ভর্তি বস্তা হাওড়ায় পৌঁছে দিতে যাচ্ছিল। যদিও কাদের কাছে এইগুলো পৌঁছানোর কথা ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
রাতেই তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছে। পাশাপাশি, ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে। পরে বন দপ্তরের কর্মীরা অন্ডাল জিআরপি থানায় এসে উদ্ধার হওয়া প্রায় ৯৫টি কচ্ছপ নিজেদের হেফাজতে নেন।
রেল পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে একটি বড় পাচারচক্র সক্রিয় রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চালানো হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *