দুর্গাপুর: রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে দুর্গাপুরের সিএমইআরআই (CMERI)-এর উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) পরিদর্শনে এসে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পরিদর্শনের সময় সিএমইআরআই-এর বিজ্ঞানী ও আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, জৈব বর্জ্য থেকে জৈব সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য পুনর্ব্যবহার করে কম খরচে ইট তৈরির মতো অত্যাধুনিক প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এই প্রকল্পে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শহরে জমে থাকা বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণের জন্য আধুনিক কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে পুরসভাগুলির রাজস্ব আয়ের নতুন পথও খুলে যাবে।
অগ্নিমিত্রা পাল বলেন, নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সিএমইআরআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বহুদিন ধরে জমে থাকা আবর্জনা নিষ্পত্তির প্রকল্পে সিএমইআরআইয়ের প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিন কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, অতীতে কেন্দ্রের গবেষণা প্রতিষ্ঠানগুলির প্রযুক্তিকে রাজ্যে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। মানুষকে বোঝানো হয়েছিল যে, কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে। তবে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর কথায়, এখন সবাই বুঝতে পারছেন কেনও আমরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলেছিলাম।
শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম গর্ব সিএমইআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তি এবার যদি রাজ্যের বিভিন্ন পুরসভায় বাস্তবায়িত হয়, তাহলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কর্মসংস্থান, পুনর্ব্যবহার শিল্প এবং নগর উন্নয়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।









