অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: মহাষষ্ঠীতেই বড়সড় সাফল্য কোতয়ালি থানার পুলিশের। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শহরের ২ নম্বর ঘুমটি এলাকার এক বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে বেআইনিভাবে মজুদ করা দেশি-বিদেশি মদ। খবর লেখা পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দিন কয়েক আগেই প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এবারে উদ্ধার হল বেআইনি মদ। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় পিসি পার্টির পুলিশ। কার্টুনে সাজিয়ে রাখা ছিল সেই মদ। পুজোর মুখে অষ্টমীতে মদের দোকান বন্ধ থাকার ঘোষণা সামনে আসার পরেই একাংশ নেশার কারবারি চড়া দামে মদ বিক্রির লোভে মজুতদারি করছেন বলে স্থানীয় সূত্রে খবর। বেআইনি নেশার সামগ্রী বিক্রি বন্ধ করতে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে প্রশাসন ও পুলিশ। মদ বাজেয়াপ্ত করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের কড়া ভূমিকায় খুশি আমজনতা।









