Home / খবর / দেশ / বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরও: সুপ্রিম কোর্ট

বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরও: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) মামলার শুনানি হল মঙ্গলবার। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এ দিনের শুনানিতে রাজ্যের বিএলও-দের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে বিস্তর আলোচনা হয়।

আদালতে জানানো হয়, এসআইআরের কাজে পশ্চিমবঙ্গে বিএলও-দের ভয় দেখানো ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী। জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, কমিশনের কাছে এ পর্যন্ত মাত্র একটি অভিযোগ এসেছে, মাত্র একটি এফআইআর নথিভুক্ত হয়েছে— তাহলে কি এর বাইরে আর কোনও ঘটনা নেই?

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিএলও-দের নিরাপত্তার দায়িত্ব মূলত রাজ্যের, কারণ পুলিশ রাজ্য সরকারের অধীনে। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানান, বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারেরও রয়েছে। কমিশন আদালতকে জানায়, রাজ্য সহযোগিতা না করলে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে।

বিচারপতি বাগচী আরও বলেন, কিছু অভিযোগ রয়েছে যে বিএলও-দের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে কমিশন। কমিশনের দাবি— একজন বিএলও প্রতিদিন গড়ে ৩৭ জন ভোটারের দায়িত্ব নেন, দিনে ৭-৮টি বাড়ি ঘুরলেই কাজ সময়ে শেষ হওয়ার কথা। এ প্রসঙ্গে বিচারপতি বাগচীর মন্তব্য, “এটা বসে থাকার কাজ নয়। বিএলও-রা মাঠে নেমে বাড়ি বাড়ি যাচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন, আপলোড করছেন। তাই কোনওভাবেই তাদের উপর বাড়তি চাপ আসা উচিত নয়। প্রয়োজন হলে বিএলও-র সংখ্যা বৃদ্ধি করা উচিত।”

প্রধান বিচারপতি এ দিন বলেন, “আমরা রাজনৈতিক তর্কে যাচ্ছি না। যেসব বিএলও কাজ করতে সমস্যায় পড়ছেন, তাঁদের বদলে নতুনদের নিয়োগ করুন। এবং বিএলও-দের হুমকি দেওয়ার অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে দেখুন।”

কমিশন আদালতকে জানায়, খুব শীঘ্রই রাজ্যকে চিঠি দিয়ে বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *