রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখার ঘোষণা করেছে। বর্তমানে ৫.২৫ শতাংশ যে রেপো রেট রয়েছে, সেই হারই বজায় রাখা হয়েছে। ফলে আপাতত সাধারণ মানুষের ঋণের বোঝা বাড়ছে না এবং বাড়ির ঋণসহ বিভিন্ন ঋণের ইএমআই-র খরচও বাড়বে না বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করে দেশের সামগ্রিক অর্থনীতি ও ম্যাক্রো-ইকোনমিক পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই নীতি নির্ধারণ করা হয়েছে। তাঁর কথায়, “মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হবে। পাশাপাশি স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট ৫ শতাংশে এবং এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।”
প্রতি দুই মাস অন্তর আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি বৈঠক করে রেপো রেট নির্ধারণ করে। যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেটিই রেপো রেট। এই হার বাড়লে সাধারণত ব্যাঙ্কের ঋণের সুদ ও ইএমআই বাড়ে, আর কমলে কমে। অন্যদিকে, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ থেকে টাকা নেয়, তাকে রিভার্স রেপো রেট বলা হয়।
রেপো রেট অপরিবর্তিত থাকায় আপাতত ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর বলেই মনে করছে আর্থিক মহল। তবে ভবিষ্যতে মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।









