দুর্গাপুর: ভোট গণনার আর মাত্র একদিন বাকি, আর তার আগেই রাজনৈতিক পারদ চড়ছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। পরিস্থিতির মাঝেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। তাঁর দাবি, পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর ছক কষছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি প্রার্থীর অভিযোগ, গণনার আগের দিন থেকে গণনার দিনই তৃণমূল নেতৃত্ব প্রায় ২৫ জন কর্মীকে গেরুয়া গামছা পরিয়ে এবং বিজেপির পতাকা হাতে দিয়ে গণনা কেন্দ্রের আশেপাশে ঢোকানোর পরিকল্পনা করছে। উদ্দেশ্য একটাই, গণ্ডগোল পাকিয়ে সেই দোষ বিজেপির ঘাড়ে চাপানো এবং সাধারণ মানুষের কাছে বিভ্রান্তি তৈরি করা।
চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের কথায়, “এটা সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত চক্রান্ত। বিজেপিকে বদনাম করতে এই ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে। আমরা প্রশাসনকে আগাম সতর্ক করেছি এবং কেন্দ্রীয় বাহিনীর কঠোর নজরদারি চাইছি।”
তিনি আরও সতর্ক করে বলেন, গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার না হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকতে হবে।
অন্যদিকে, এই গুরুতর অভিযোগের জবাবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে-পরে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়, তবে বাস্তবে কী ঘটে, তা অনেকটাই নির্ভর করবে প্রশাসনের সক্রিয় ভূমিকার উপর।
এখন গোটা জেলার নজর একটাই, ভোট গণনার দিন। অভিযোগ কি বাস্তবে রূপ নেবে, নাকি শান্তিপূর্ণভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটাই এখন দেখার।










