রানিগঞ্জ ও জামুড়িয়া : নির্বাচনে সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার এক সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেন। নির্বাচন কমিশনের লক্ষ্য আগে নির্বাচনের সময় যে সমস্ত এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল ও সেইসব এলাকায় ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেই সব এলাকাগুলি চিহ্নিত করে নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এইসব এলাকার বাসিন্দা সকলেই যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেইজন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলাশাসক এস পোন্নাবলম। জেলাশাসক ও পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস ও এসিপি (সেন্ট্রাল ২) বিমান মির্ধা। রানিগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকায় সাহেবগঞ্জ, বল্লভপুরের নুপুর ও রনাই এলাকায় তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। প্রথমেই তারা যেসব সাধারণ ভোটার রয়েছেন, সেই ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোটের দিন নিরাপদে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তারজন্য আশ্বস্ত করেন। পরবর্তীতে তারা বল্লভপুরের যে সকল এলাকায় ভোট পরবর্তী হিংসায় বাড়ি জ্বলেছিল, সেইসব বাড়ির সদস্যদেরকে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা মিলবে এবিষয়েও আশ্বস্ত করেন। তাদের ভোটদানের জন্য আবেদন জানান। এরপর তারা রনাই এলাকাতে বিরোধীদলের সদস্যরা ছিল তাদের সঙ্গে কথা বলে, পুলিশ কমিশনার ও ডিএম তাদের পাশে থাকার আশ্বাস দেন।এরপর এদিন ডিএম ও সিপি জামুড়িয়ার কেন্দা এলাকায় পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রানিগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ সুবীর কর্মকার, বল্লভপুর ফাঁড়ির আইসি পার্থ চক্রবর্তী, পাঞ্জাবিমোড় ফাঁড়ির আইসি নাজমুল হুদা। তারা এদিন সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় তার জন্য তারা সচেষ্ট থাকবেন বলেই আশ্বস্ত করেন। এদিনের এই পরিদর্শনে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একটি দলও ছিল।










