কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। আইনি জটিলতায় বাতিল হয়ে গেল দলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকার কারণে জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায় তাঁর মনোনয়ন খারিজ করেছেন রিটার্নিং অফিসার।
গত মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব ভট্টাচার্যকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের সঙ্গে সরাসরি ঠিকাদারি বা ব্যবসায়িক স্বার্থে যুক্ত থাকেন, তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনবিরুদ্ধ।
মনোনয়ন বাতিলের পর অভিনব ভট্টাচার্য বলেন, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তবে তিনি দলের পাশে থাকার কথাও জানান এবং দল যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী এগোবেন বলে জানিয়েছেন।
এদিকে এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই আগেভাগে বিকল্প প্রার্থী তৈরি রেখেছিল তৃণমূল। ওই কেন্দ্রে দলের দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল সোমনাথ দত্তের। ফলে তিনিই এখন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ঘাসফুল প্রতীকে লড়াই করবেন।









