উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গোসাবা: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল গোসাবায়। নির্বাচনী কর্মী বৈঠক চলাকালীন বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া গ্রামের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই বিজেপি কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের রাজাপুর পূর্ব পাড়ার ১৫৫ নম্বর বুথে বিজেপি কর্মী রমেন মাইতির বাড়িতে একটি সাংগঠনিক বৈঠক চলছিল। অভিযোগ, রাত প্রায় ৮টা নাগাদ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মোসলেম মোল্লার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায়।
হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে পড়েন উপস্থিত বিজেপি কর্মীরা। অনেকেই পালিয়ে প্রাণ বাঁচালেও দীপক কুমার বেরা ও সুবীর মণ্ডল নামে দুই কর্মী দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে মারধরের শিকার হন। অভিযোগ, দীপককে টেনে পাশের মাঠে নিয়ে গিয়ে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। অন্যদিকে সুবীর মণ্ডলের গলা চেপে ধরে বেধড়ক মারধর করা হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই গোসাবা গ্রামীণ হাসপাতালে পৌঁছান বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর। আহতদের সঙ্গে কথা বলার পর তিনি গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










