অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: বসন্তকালীন বিশেষ সংখ্যা প্রকাশ করলো শহর জলপাইগুড়ির এক ইংরেজি লিটল ম্যাগাজিন কর্তৃপক্ষ। রবিবাসরীয় সন্ধ্যায় শহরের সমাজপাড়ায় স্টুডেন্ট হেলথ হোমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ইন্ডলিট’ (Indlit) নামের ওই লিটিল ম্যাগাজিনটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ওই ম্যাগাজিনের এডিটর ইন-চিফ শুভ্রজিৎ রায়,সুজয়কান্তি তরফদার -সহ ওই লিটিল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত শহরের লেখক-সাহিত্যিকেরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক সুদীপ চোধুরী প্রমূখ।
২০২৪ সালে এই লিটিল ম্যাগাজিনের সূচনা হয় শহরে। পরবর্তীতে আড়ে-বহরে বেড়েছে এই ম্যাগাজিন। আয়োজকেদের দাবি, উত্তরে এ ধরণের উদ্যোগ এর আগে কেউ নেয়নি। ম্যাগাজিনের এডিটর ইন-চিফ বলেন, “নতুন প্রজন্মের অনেকেই ইংরেজিতে সাহিত্য সৃষ্টি করতে চায়। তাদের পাশাপাশি প্রবীণ সাহিত্যিক, প্রাবন্ধিকরাও লিখছেন। বইপ্রেমী মহলে সমাদৃত হয়েছে আমাদের এই ম্যাগাজিন। তবে, অন্য লিটিল ম্যাগাজিনের মতো আর্থিক সংকটের মুখোমুখিও আমাদের হতে হচ্ছে।”









