উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আবহে সামনে এল তাৎপর্যপূর্ণ ঘটনা। নির্দল প্রার্থী রাজন্যা হালদার শুক্রবার বারুইপুর মহকুমা শাসকের দফতরে নমিনেশন জমা দিতে গিয়েও শেষ পর্যন্ত তা করতে পারেননি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত প্রস্তুতি নিয়ে বারুইপুরে পৌঁছেছিলেন রাজন্যা। তবে নমিনেশন জমা দেওয়ার আগে নথি যাচাইয়ের সময় ব্যাঙ্ক সংক্রান্ত কিছু অসংগতি ধরা পড়ে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নির্দিষ্ট তথ্য ও নথি সঠিকভাবে জমা দেওয়া বাধ্যতামূলক হওয়ায়, সেই জায়গাতেই সমস্যার মুখে পড়েন তিনি।
ফলে প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ না থাকায় নমিনেশন জমা না দিয়েই দফতর ছাড়তে হয় তাঁকে। যদিও এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন রাজন্যা।
এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু কাগজপত্রের জটিলতার কারণে আজ নমিনেশন জমা দিতে পারিনি। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার জন্য এই অসুবিধা হয়েছে। তবে দফতরের আধিকারিকেরা যথেষ্ট সাহায্য করেছেন এবং সমস্যা মেটানোর পথও দেখিয়েছেন।”
তবে এখনও নমিনেশন জমা দেওয়ার সময়সীমা থাকায়, দ্রুত সমস্যা মিটিয়ে পুনরায় মনোনয়ন জমা দেওয়ার আশাবাদী নির্দল প্রার্থী।









