অন্ডাল: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত নাথ বাজারের কবিরাজ গলিতে শুক্রবার ভোরে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোরবেলায় লাগা এই আগুন অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর চেহারা নেয়।
ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ এলাকায় আসে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়।
স্থানীয় বাসিন্দা টুটু গুপ্তা বলেন, ভোর প্রায় ৪টা নাগাদ তারা এই ঘটনার খবর পান। কিভাবে ওই দোকানে ভোরবেলা আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।
দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার চেষ্টা বেলার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।










